ফুলতলা (খুলনা) প্রতিনিধি : নানা বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মোঃ আলী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তিনি বরণপাড়া গ্রামের মোঃ ইমলাক সরদারের পুত্র। এ ব্যাপারে অভয়নগর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার আলী তার পরিবারের সাথে নানা বাড়ি যশোর অভয়নগরের রানাগাতি গ্রামে বেড়াতে যায় । শনিবার সকালে বাড়ি সংলগ্ন পুকুরে পড়ে যায়। পুকুরে আলীকে দেখে মাতা তহমিনার আর্তচিৎকারে এলাকাবাসী উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদ মাগরিব পূর্ব বরণপাড়াস্থ বাইতুস সালাহ জামে মসজিদ চত্বরে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।