ডুমুরিয়া প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে খুলনা জেলার ডুমুরিয়া ১১ নং সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড গোলনা-হাজীডাঙ্গায় মা-বোনদের সাথে এক প্রীতি ও নির্বাচনী মতবিনিময় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় হাজীডাঙ্গা খলসি সাজিয়াড়া এ কে মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় সর্বস্তরের নারী ও মা-বোনদের সাথে এ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।? আলোচনা সভায় সভাপতিত্ব করেন আব্দুর রশিদ শেখ। সঞ্চালনা করেন মোহাম্মদ ফারুক মোল্লা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও মতবিনিময় করেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোল্লা আকবর হোসাইন সৈকত। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোল্লা আকবর হোসাইন সৈকত বলেন, একটি আদর্শ ও সমৃদ্ধ ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে নারীদের সক্রিয় অংশগ্রহণ এবং মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১নং ওয়ার্ডের সামাজিক নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন, নারী শিক্ষাসম্প্রসারণ এবং গৃহস্থালি জীবনের বিভিন্ন মৌলিক সুবিধা বৃদ্ধিতে কাজ করতে চাই। তিনি ইউনিয়ন পরিষদকে আরও জনবান্ধব, দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ করতে সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম গাজী, বাবু প্রদীপ বিশ্বাস, মঈন শেখ, বাবু প্রকাশ মন্ডল, বাবু বিরাম, কালাম গাজী, পলাশ সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।