যবিপ্রবি প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) : আন্তর্জাতিক অণুজীব দিবস-২০২৬ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অণুজীববিজ্ঞান (এমবি) বিভাগের বর্ণাঢ্য র্যালি, বৃক্ষ রোপণ এবং স্থানীয় স্কুল ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে অণুজীববিজ্ঞান অলিম্পিয়ার্ড এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর ‘এন্টিবায়োটিক রেজিস্টেন্স’ সচেতনতা ক্যাম্পেইনের প্রচার কার্যক্রম শুরুর মধ্য দিয়ে শুরু হওয়া মাসব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে শনিবার সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র্যালি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে জাতীয় কবি কাজী নজরুল অ্যাকাডেমিক ভবনের সামনে শেষ হয়। যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান জাতীয় কবি কাজী নজরুল অ্যাকাডেমিক ভবনের সামনে একটি বৃক্ষ রোপন করেন ও অণুজীববিজ্ঞান বিভাগের বিভিন্ন স্টল সমূহ পরিদর্শন করেন। এরপর স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অ্যাকাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে অনুষ্ঠিত অণুজীববিজ্ঞান অলিম্পিয়াড ফাইনাল এর শুভ উদ্বোধন করেন যেখানে যশোরের বিভিন্ন স্কুল ও কলেজ থেকে প্রাথমিক পর্যায়ে নির্বাচিত ৮০ জন শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে। যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, “স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের অণুজীববিজ্ঞান সম্পর্কে সচেতন করা ও তাদের অলিম্পিয়াডে অংশগ্রহণ নিশ্চিত করা একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এই আয়োজন শিক্ষার্থীবৃন্দ ও সর্বসাধারণের মাঝে অণুজীব সম্পর্কে ইতিবাচক ধারণার জন্ম দেবে এবং বিভাগটির গুরুত্ব বৃদ্ধি পাবে, যার ফলে শিক্ষার্থীরা ভবিষ্যতে এই বিভাগের প্রতি আরও আগ্রহ দেখাবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের লক্ষ্য নির্ধারণ ও লক্ষ্য অর্জনের জন্য সততা ও নিষ্ঠার সাথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন। সবশেষে তিনি মাসব্যাপী নেওয়া সকল কর্মসূচির সার্বিক সাফল্য ও শুভকামনা ব্যক্ত করেন। অনুষ্ঠানে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নাজমুল হাসান, বিএমবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ আলাউদ্দিন, অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার, অনুষ্ঠানের আহ্বায়ক ড. অভিনু কিবরিয়া ইসলাম বক্তব্য দেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ হামিদুর রহমান, ইংরেজি বিভাগের সভাপতি ড. ফরজানা নাসরিনসহ অণুজীববিজ্ঞান বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষক ও অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।