প্রেসবিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ’ কর্মসূচি শুরু হয়েছে। ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে ফিতা কেটে ‘গিভ এন্ড টেক সেশন-৪’ শীর্ষক এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। উদ্বোধনকালে উপাচার্য বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান সরকার। খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ইতোমধ্যে অনেক বৃক্ষরোপণ করা হয়েছে। ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ- শিক্ষার্থীদের একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কর্মসূচি পরিবেশ সম্পর্কে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা নিয়মিতভাবে পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এ ধরনের উদ্যোগ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিকভাবে চালু করা গেলে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে। পরে উপাচার্য শিক্ষার্থীদের হাতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা তুলে দেন। এ সময় ক্লাবের পক্ষ থেকে উপাচার্যকে গাছের চারা উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ নবীউল ইসলাম খান, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ গোলাম রাক্কিবু, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, অপরাজিতা হলের প্রভোস্ট প্রফেসর ড. আরিফা শারমিন, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল কবীর, পরিবহন পুলের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আব্দুস সোবহান মল্লিক, ক্লাবের সভাপতি আসিফ মাহমুদ, সাধারণ সম্পাদক হৃদয় দেবনাথসহ ক্লাবের অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা।