নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলায় জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো এবং কমিউনিটিভিত্তিক বনায়ন ও পুনঃবনায়ন কর্মসূচি নিয়ে প্রচারণামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেডক্রাফট এক্সচেঞ্জের সহযোগিতায় ‘স্ববল’ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করে উলাসী সৃজনী সংঘ (ইউএসএস)। কর্মসূচির শুরুতে ‘একটি গাছ, একটি প্রাণ’ স্লোগানকে সামনে রেখে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র?্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিয়া সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল হাজরা এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন। উপজেলা অ্যাসোসিয়েশনের সভাপতি নিষ্কৃতি বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি। কর্মসূচির বিস্তারিত বিষয় তুলে ধরেন সংস্থাটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর জেনিফার জেনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সীমা রানী বর্মন। সার্বিক সহযোগিতায় ছিলেন ফিল্ড অফিসার ব্রজেন্দ্র নাথ শীল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে এনজিও সমন্বয় কমিটির সমন্বয়ক শেখ রাকিবুল ইসলাম নয়ন, ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং এলএফও সদস্যরা উপস্থিত ছিলেন। শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন এবিবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস ও চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম। বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কমিউনিটিভিত্তিক বনায়ন ও পুনঃবনায়নের গুরুত্ব তুলে ধরেন। তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। আলোচনা সভা শেষে স্থানীয় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির মোট ৩৫০টি গাছের চারা বিতরণ করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানে আম, কদবেল, কাঁঠাল, আমলকী ও মেহগনি গাছের চারা দেয়া হয়।