নিজস্ব প্রতিবেদক : যশোর সদরের বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক ও কিশোরীদের উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ, উপকরণ এবং প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাল্য বিবাহকে ‘না’ বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি প্রতিপাদ্যে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ের আওতায় বুধবার অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সদর উপজেলা কার্যালয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। তিনি বলেন আজকের সন্তান আগামী দিনের ভবিষ্যৎ। বিশেষ করে ছেলেদের তুলনায় লেখাপড়াসহ সকল ক্ষেত্রে মেয়েরা এগিয়ে। তারপরও অভিভাবকরা মেয়েদের বাল্যবিবাহ দিচ্ছে। এটা দেয়া থেকে অভিভাবকদের বেরিয়ে আসতে হবে। মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার। জেলা বিআরডিবির উপপরিচালক এম কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিআরডিবির প্রকল্প পরিচালক প্রকাশ চন্দ্র সরকার, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, স্কুলের সভাপতি আমিনু রহমান মধু, প্রধান শিক্ষক শরিফুল আনাম আজাদ, অভিভাবক দীপা রায়, ছাত্রী হুরায়রা আক্তার প্রমুখ। আলোচনা শেষে ৫০ ছাত্রীর মাঝে উপকরণ, ১ ছাত্রীর মাঝে উদ্যোক্তা চেক, চার ছাত্রীর মাঝে প্রণোদনার চেক ও জিপিএ-৫ প্রাপ্ত ৬ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। শেষে স্কুল মাঠে স্কুল মাঠে বৃক্ষ রোপন করা হয়।