মনিরুল ইসলাম মনি, সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলায় নামিদামি বহুজাতিক প্রতিষ্ঠানের ব্র্যান্ড মোড়ক ব্যবহার করে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি বিশাল নকল ও ভেজাল সার-কীটনাশকের কারখানা অভিযান চালিয়ে গুড়িয়ে দিয়েছে এলিট ফোর্স র্যাব-৬। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে গোপনীয় সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া ইউনিয়নের লাউতাড়া গ্রামে পরিচালিত এই ঝটিকা অভিযানে প্রায় পাঁচ লাখ টাকার জাল কৃষি উপকরণ উদ্ধারসহ চক্রের মূলহোতাকে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার জাইন উদ্দিন মোহাম্মদ যিয়াদ। অনুসন্ধানে জানা যায়, লাউতাড়া গ্রামের ইমান আলী মোড়লের ছেলে মশিয়ার রহমান মোড়ল বিসিআইসি সারের অনুমোদিত সাব-ডিলার ও মেসার্স জাকির ট্রের্ডাসের স্বত্বাধিকারী হিসেবে ব্যবসার আড়ালে তার বাড়িতে বিপুল পরিমাণ নকল কৃষি রাসায়নিক উৎপাদন করে আসছিলেন। অভিযানে তার বসতবাড়ি থেকে কার্ডন প্লাস, ক্যাটলিন, সুলবেন, ফিস কার্ব, পাওয়ার শট, এমি-টপ, পাইডিনো প্লাস ও উইনকডের মতো স্বনামধন্য বিভিন্ন কোম্পানির ভুয়া মোড়কযুক্ত বস্তা ও সরঞ্জাম উদ্ধার করা হয়। স্থানীয় কৃষকদের চোখ ফাঁকি দিয়ে এসব নিম্নমানের ভেজাল কেমিক্যাল দীর্ঘদিন ধরে বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। অভিযান শেষেই ঘটনার গুরুত্ব বিবেচনায় তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জি, এম,শাওন। আদালতে অপরাধ স্বীকার করায় অভিযুক্ত ব্যবসায়ী মশিয়ার রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। একই সাথে জনস্বার্থে উদ্ধারকৃত সকল নকল উপকরণ জনসম্মুখে বিনষ্ট ও পুড়িয়ে ফেলার কঠোর নির্দেশ দেন আদালত। এলাকাবাসী ও ?কৃষি বিশেষজ্ঞদের মতে, মৌসুমের শুরুতেই মাঠ পর্যায়ে এসব বিষাক্ত ও কার্যকারিতাহীন নকল উপকরণ ব্যবহারের ফলে ফসলের স্বাভাবিক উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি প্রান্তিক কৃষকেরা অপূরণীয় আর্থিক ক্ষতির মুখে পড়তেন। সাতক্ষীরা জেলা ও উপজেলা প্রশাসন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, কৃষি খাতের নিরাপত্তা রক্ষা ও রাসায়নিক উপকরণের মান নিশ্চিত করতে ভেজাল কারবারিদের বিরুদ্ধে এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।