প্রেসবিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষা-গবেষণার সক্ষমতা বাড়াতে তিনটি বড় উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা চূড়ান্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের এসব প্রকল্পে আবাসিক হল ও শ্রেণিকক্ষের সংকট নিরসন, গবেষণাগার সম্প্রসারণসহ উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকল্প প্রস্তাবনাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার পূর্বে ৯ সেপ্টেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার, ডিসিপ্লিন প্রধান, গ্রন্থাগারিক, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্ট এবং বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালকদের অংশগ্রহণে প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবনাসমূহের উপর পর্যালোচনা সভা অনুুষ্ঠিত হয়। বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রণীত উন্নয়ন প্রকল্প প্রস্তাবনাসমূহের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম। সভায় জানানো হয়, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও স্থানিক মাস্টারপ্ল্যান প্রণয়ন ও পরবর্তী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সমন্বিত সম্ভাব্যতা সমীক্ষা’ প্রকল্পের ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের যাচাই সভা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (২য় পর্যায়)’ প্রকল্পের প্রস্তাবনা (ডিপিপি) প্রণয়ন শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের ডিপিপি প্রণয়নের কাজও শেষ পর্যায়ে রয়েছে। সভায় উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অনেক কাজ দৃশ্যমান হবে। নতুন ডিপিপিতে আবাসিক হল নির্মাণ ও সম্প্রসারণ, শ্রেণিকক্ষের সংকট নিরসন ও গবেষণার সক্ষমতা বৃদ্ধিকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি এই প্রকল্প প্রস্তাবনাসমূহের অনুমোদন, অর্থছাড় ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহ্বান জানান।