Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জাপানের বিশ্ব শল্যচিকিৎসা সম্মেলনে আমন্ত্রণ পেলেন ডা. মাহমুদুল হাসান

এখন সময়: বুধবার, ২৬ আগস্ট , ২০২৬, ১২:৪৮:০০ এম

নিজস্ব প্রতিবেদক : জাপানে অনুষ্ঠেয় এন্ডোস্কোপিক শল্যচিকিৎসার ২২তম বিশ্ব কংগ্রেসে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদুল হাসান পান্নু। আগামী ২ থেকে ৫ সেপ্টেম্বর জাপানের ইয়োকোহামায় এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অনুষ্ঠিত হবে জাপান সোসাইটি ফর এন্ডোস্কোপিক সার্জারির ৩৯তম বার্ষিক সভা। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শল্যচিকিৎসা বিশেষজ্ঞ, চিকিৎসক ও গবেষকরা অংশ নেবেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, এতে ছয় হাজারের বেশি অংশগ্রহণকারী এবং তিন হাজার পাঁচশর বেশি বৈজ্ঞানিক উপস্থাপনা থাকবে। এন্ডোস্কোপিক শল্যচিকিৎসার সর্বশেষ অগ্রগতি, আধুনিক চিকিৎসাপদ্ধতি, নতুন অস্ত্রোপচার কৌশল ও গবেষণার বিভিন্ন দিক নিয়ে সম্মেলনে আলোচনা হবে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। সম্মেলনের সভাপতি ও টোকিও উইমেনস মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিগেকি ইয়ামাগুচি স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে ডা. মাহমুদুল হাসান পান্নুকে সম্মেলনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণপত্রে বলা হয়েছে, তাঁর অংশগ্রহণের জন্য যাতায়াত, আবাসন ও নিবন্ধন ফিসহ সংশ্লিষ্ট ব্যয় আয়োজকরা বহন করবেন। এদিকে, ভারতের কলকাতায় অনুষ্ঠেয় এএমএএসআইকন ২০২৬-এর ২১তম আন্তর্জাতিক সম্মেলনেও আমন্ত্রণ পেয়েছেন ডা. মাহমুদুল হাসান পান্নু। আগামী ২৭ থেকে ৩০ আগস্ট কলকাতায় সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কলকাতার সম্মেলনের আয়োজকদের পাঠানো আমন্ত্রণপত্রেও তাঁর নিবন্ধন, আবাসন, যাতায়াত ও স্থানীয় আতিথেয়তার ব্যয় বহনের কথা উল্লেখ করা হয়েছে। চিকিৎসাবিজ্ঞানের আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে এসব সম্মেলনে তাঁর অংশগ্রহণের মাধ্যমে। একই সঙ্গে দেশের চিকিৎসাক্ষেত্রে আধুনিক শল্যচিকিৎসার জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগও তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)