Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে চার ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, দেড় লাখ জরিমানা

এখন সময়: সোমবার, ১০ আগস্ট , ২০২৬, ০৯:০৪:৩৫ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে নানা অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্স-সংক্রান্ত সমস্যার অভিযোগে একটি বেসরকারি ক্লিনিক ও তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ আগস্ট) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি হাসপাতাল এলাকার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপুর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সবুজ বিশ্বাসসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। অভিযানে আব্দুল মকিত বিশ্বাস (প্রাঃ) ক্লিনিককে ১ লাখ টাকা, ফয়সাল ডায়াগনস্টিককে ১৫ হাজার টাকা, এবি ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারকে ১৫ হাজার টাকা এবং পপুলার মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. খায়রুজ্জামান জানান, বিভিন্ন অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্স না থাকায় সরকারি হাসপাতাল এলাকার আব্দুল মকিত বিশ্বাস (প্রাঃ) ক্লিনিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। লাইসেন্সের মেয়াদ না থাকায় একই এলাকার ফয়সাল ডায়াগনস্টিক ও এবি ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লাইসেন্স দেখাতে না পারা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে পপুলার মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অনিয়ম ও লাইসেন্স-সংক্রান্ত সমস্যার কারণে একটি বেসরকারি ক্লিনিক ও তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)