নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে জিপিএ-৫ অর্জন করেছে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী জারিফা আলম। সে ভবিষ্যতে একজন দক্ষ ও মানবিক চিকিৎসক হয়ে সাধারণ মানুষের সেবায় আত্মনিয়োগ করতে চায়। জারিফার পিতা মাহাবুব আলম লাবলু দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক এবং মাতা আকলিমা খাতুন একজন গৃহিণী। তারা যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার বাসিন্দা। জারিফার এই সাফল্য অর্জন ও ভালো ফলাফলে তার পরিবার ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অত্যন্ত আনন্দিত। তার পিতা মাহাবুব আলম লাবলু জানান, জারিফা ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ও পরিশ্রমী। সে যেন তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সফল হতে পারে, সে জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। নিজের অনুভূতি প্রকাশ করে জারিফা জানায়, "এই ফলাফলের পেছনে আমার বাবা-মা ও শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। আমার স্বপ্ন ভবিষ্যতে ভালো একটি মেডিকেল কলেজে পড়ালেখা শেষ করে ডাক্তার হওয়া এবং মানুষের সেবা করা।" মেধাবী এই শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ দৈনিক স্পন্দন পরিবার।