সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় মাদক, চোরাচালান, সীমান্ত অপরাধ, অনলাইন জুয়া ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলমের সভাপতিত্বে খুলনা রেঞ্জের নবাগত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও মাদক পাচার, চোরাচালান, সীমান্তে অবৈধ ঘাট ও ঘাট মালিকদের তথ্য, ট্রাফিক ব্যবস্থাপনা, খুন-হত্যা, থানায় হয়রানি, মব সন্ত্রাস, অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার কথা জানান। এ সময় জেলার বিভিন্ন সমস্যা ও অভিযোগ সাংবাদিকরা তুলে ধরায় বিশেষ করে সীমান্ত জেলায় মাদকের অবাধ ব্যবহার বন্ধে কঠোর হওয়ার পরামর্শ দিলে ডিআইজি মোস্তাফিজুর রহমান আজ থেকে এক সপ্তাহ আগামী সোমবার পর্যন্ত মাদক বিরোধী বিশেষ অভিযানের ঘোষণা দেন। একই সময়ে বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার, এ সময়ে পুলিশ দৃশ্যমান হবে বলে আশ্বস্ত করেন। কোনো পুলিশ সদস্যও মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান। মতবিনিময় সভায় সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, ফরহাদ, জিএম মনিরুল ইসলাম মিনি, মোস্তাফিজুর রহমান উজ্জলসহ অনেকে বক্তব্য দেন।