Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে দুই বছর ধরে স্কুলে টিউবওয়েলের অভাবে চরম ভোগান্তিতে ১৩৬ শিক্ষার্থী

এখন সময়: সোমবার, ২৭ জুলাই , ২০২৬, ১১:২৩:০৬ পিএম

অসীম মোদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৭০ নম্বর আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ দুই বছর ধরে কোনো টিউবওয়েল নেই। ফলে বিদ্যালয়টির ১৩৬ জন শিক্ষার্থী ও শিক্ষকরা প্রতিদিন তীব্র খাবার পানির সংকটে ভুগছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালে বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণের সময় পুরোনো টিউবওয়েলটি অপসারণ করা হয়। কিন্তু এরপর দীর্ঘ সময় পার হয়ে গেলেও নতুন কোনো টিউবওয়েল বসানো হয়নি। ফলে বিদ্যালয়টি এখন পুরোপুরি টিউবওয়েল শূন্য। পানির ব্যবস্থা না থাকায় ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের প্রতিদিন বাসা থেকে পানির বোতল নিয়ে স্কুলে আসতে হয়। অনেক সময় অতিরিক্ত গরমে বা দীর্ঘ ক্লাসের কারণে পানি ফুরিয়ে গেলে তাদের ছুটতে হয় আশপাশের বাসা বাড়ীতে। এতে চরম ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আফরিন খাতুন তার ভোগান্তির কথা জানিয়ে বলেন, প্রতিদিন বাড়ি থেকে বোতলে করে পানি আনতে হয়। অনেক সময় পানি শেষ হয়ে গেলে পাশের মানুষের বাড়ি থেকে পানি এনে খেতে হয়, যা আমাদের জন্য খুব কষ্টকর। পানির এই তীব্র সংকটের কথা স্বীকার করেছেন বিদ্যালয়ের শিক্ষকরাও। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মেরিনা আক্তার বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে টিউবওয়েল না থাকায় শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা সবাই চরম সমস্যায় পড়েছি। আমরা নিজেরাও বাসা থেকে খাওয়ার পানি নিয়ে আসি। সমস্যা সমাধানের জন্য ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যারের কাছে লিখিত আবেদন করেছি। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজ্জাদ হোসেন বলেন, বিদ্যালয়টি থেকে আবেদন পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে অতি দ্রুত সেখানে একটি নতুন টিউবওয়েল বসানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)