শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস পাচার করার সময় কোস্টগার্ডের একটি দল অভিযান চালিয়ে ৩০ কেজি হরিণের মাংসসহ ব্যবসায়ী মেহেদী হাসান (৩৫) কে গ্রেফতার করেছে। গত ২০ জুলাই সোমবার বিকালে খুলনার নলিয়ান ক্লোজার পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন ২১ জুলাই দুপুর দুই টায় এতথ্য নিশ্চিত করেন।
তিনি আরো জানান, সুন্দরবনের হরিণ শিকারী চক্র হরিণ শিকার করে তার মাংস এক ব্যবসায়ীর কাছে বিক্রি করছে এমন গোপন সংবাদে কোস্টগার্ডের একটি দল খুলনার দাকোপ থানাধীন নলিয়ান ক্লোজার পাড়া সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় কোস্টগার্ডের দলটি হরিণের মাংস বিক্রেতা মেহেদী হাসানকে ৬৬ হাজার টাকা মূল্যের ৩০ কেজি হরিণের মাংসসহ আটক করে। এ বিষয়ে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরো বলেন, জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়া বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।