নিজস্ব প্রতিবেদক : নড়াইল লোহাগড়ায় ব্যবসায়িক বিরোধের জেরে প্রতিবন্ধী ফকির আলীনুর হত্যা মামলার আসামি রহমান শেখকে আটক করেছে র্যাব-৬। মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৩টার দিকে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার হাসামদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রহমান শেখ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে। র্যাব সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে ব্যবসার জন্য নিহত ফকির আলীনুরের কাছ থেকে ১৮ হাজার টাকা ধার নেন আসামি রহমান শেখ। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করায় গত ১৮ জুলাই রাতে আলীনুর পাওনা টাকা চাইলে তাকে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ডেকে নেয় আসামি। আলীনুর তার ভাই ও ভগ্নিপতিকে সঙ্গে নিয়ে স্কুল মাঠে পৌঁছালে রহমান শেখ ও তার সহযোগীরা রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড ও লাঠি দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আলীনুর তার ভাই ও ভগ্নিপতি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ফকির আলীনুর মারা যান। এ ঘটনায় নিহতের ভাই আমিনুল ফকির বাদী হয়ে লোহাগড়া থানায় হত্যা মামলা করেন। এমামলার ছায় তদন্তকালে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামি রহমান শেখের অবস্থান সনাক্ত করে র্যাব। এরপর র্যাব-৬, সিপিসি-৩ যশোর ও র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ আভিযানিক দল রহমানকে আটক করে। আটক রহমান শেখকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইলের লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।