নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ছবি, চাঁদাদাবি ও মানহানিকর পোস্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোনালী আক্তার স্মৃতি নামে এক নারীর বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। শহরের রেলগেট পশ্চিম পাড়ার বাসিন্দা ভুক্তভোগী নারী বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দেয়ার আদেশ দিয়েছেন। আসামি সোনালী আক্তার স্মৃতি একই এলাকার আল আমিনের স্ত্রী ও খোকনের মেয়ে। মামলার অভিযোগে জানা গেছে, আসামি সোনালী আক্তার স্মৃতি ভুক্তভোগী নারীর স্বামীর সাবেক স্ত্রী। স্মৃতিকে তালাক দেয়ার পর তাকে বিয়ে করেছিল তার স্বামী। স্মৃতি বর্তমানে অন্যের ঘরে সংসার করছে। পূর্ব শত্রুতার জের ধরে স্মৃতি মাঝেমধ্যেই তার স্বামীর ফেসবুক আইডিতে অশ্লীল কথাবার্তা লিখে পাঠায়। এরপর আসামী স্মৃতি ভুক্তভোগী নারীর ছবি এডিট করে অশ্লীল ছবি বানিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। বিষয়টি জানার পরে ভুক্তভোগী নারী আসামিকে এ কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করলে লাখ টাকা চাঁদা দাবি করে। এ হেন কর্মকাণ্ডে ভুক্তভোগী নারীর সামাজিক মান সম্মানহানি হওয়ায় তিনি কোতোয়ালি থানায় একটি অভিযোগ দিয়েছিলেন। থানা কর্তৃপক্ষ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।