আ: মালেক রেজা, শরণখোলা: বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে টিকতে না পেরে শতশত ফিশিং ট্রলার ও জেলেরা সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। দীর্ঘ ৫৮ দিনের অবরোধ শেষে সাগরে মাছ ধরতে গিয়েও বৈরী আবহাওয়ার কবলে পড়ে ফিরে আসতে হয়েছে অনেক জেলেদের। সুন্দরবনের দুবলার চর, ভেদাখালী খালসহ বিভিন্ন নিরাপদ আশ্রয়ে অবস্থান করা বাগেরহাট এলাকার ফিশিং বোটের মাঝি নজরুল ইসলাম শুক্রবার দুপুরে মোবাইল ফোনে জানান, গত দুই দিন ধরে সাগরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। প্রবল পূর্বালী বাতাস ও বড় বড় ঢেউয়ের কারণে সাগর উত্তাল হয়ে উঠেছে। ফলে ফিশিং ট্রলারগুলো সাগরে টিকতে না পেরে উপকূলের দিকে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ছুটে এসেছে। বেশ কয়েকটি ফিশিং ট্রলার সুন্দরবনের মেহের আলী, দুবলা, আলোরকোল, ভেদাখালীসহ বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে। শরণখোলা উপজেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন জানান, বঙ্গোপসাগরে বর্তমানে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। উত্তাল সাগরে টিকতে না পেরে কয়েকশ ফিশিং ট্রলার রায়েন্দা, চরদোয়ানী, মহিপুর, খেপুপাড়া, নিদ্রাসখিনা, পাথরঘাটা উপকূলসহ সুন্দরবনের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। দীর্ঘ ৫৮ দিনের অবরোধ শেষে মাছ ধরতে গিয়েই তারা দুর্যোগের কবলে পড়েছে। শরণখোলা রায়েন্দা মৎস্যঘাটের আড়তদার কবির হোসেন জানান, সাগরে বৈরী আবহাওয়া বিরাজ করায় ফিশিং বোটগুলো সাগরে না গিয়ে গত দুই দিন ধরে রায়েন্দা মৎস্যঘাটে নোঙর করে রয়েছে। বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, জেলেরা সাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন। উত্তাল সাগরে টিকতে না পেরে ফিশিং ট্রলার গুলো উপকূলের দিকে ছুটে আসছে।