অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন মা। অভিযোগের পর প্রশাসনের অভিযানে ইয়াবা ট্যাবলেট সেবনের সরঞ্জামসহ শরিফুল ইসলাম (২৮) নামে ওই ছেলেকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম উপজেলার বুইকারা গ্রামের মৃত শেখ আয়ুব আলী ও নাছিমা বেগমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়. শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা জোগাড় করতে গিয়ে তিনি প্রায়ই তার মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বুইকারা গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সেবনের সরঞ্জামসহ অভিযুক্ত শরিফুল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘শরিফুল ইসলাম নামে মাদকাসক্ত এক ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তার মা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে মাদক সেবনের সরঞ্জামসহ আটক করা হয়। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদকাসক্ত সেই ছেলেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।