নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের যানজট নিরাসনে বিশেষ অভিযান পরিচালনা করেছে ট্রাফিক বিভাগ। এ সময় প্রাইভেট কার দুইটি মোটর সাইকেল জব্দ হয়েছে। মামলা দেয়া হয়েছে আরো ১০ মোটরসাইকেল চালককে। বৃহস্পতিবার শহরের পাইপপট্টি, মাইকপট্টি,চিত্রা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন যশোর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মাফুজুর রহমান। অভিযানকালে ফুটপাতে অবৈধভাবে পার্কিং করা একটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল জব্দ করে ট্রাফিক পুলিশ। পরে সেগুলো ট্রাফিক পুলিশ কার্যালয়ে নেওয়া হয়। এছাড়া সড়কের পাশে যত্রতত্র যানবাহন পার্কিং করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে ১০ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। একই সঙ্গে গাড়ির মালিকদের সতর্ক করা হয় এবং ফুটপাত দখল ও সড়ক শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন দোকানদারকেও সচেতন করা হয়। ট্রাফিক ইন্সপেক্টর মাফুজুর রহমান জানান, যশোর শহরকে যানজটমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ রাখতে ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ অভিযানের অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার এ কার্যক্রম পরিচালিত হয়েছে। যত্রতত্র গাড়ি পার্কিং, ফুটপাত দখল এবং ট্রাফিক আইন অমান্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান। উল্লেখ্য, এরআগে গত সোমবার অভিযান চালিয়েছিল ট্রাফিক পুলিশ । ওই দিন শহরের দড়াটানা,হাসপাতাল মোড়, এমকে রোডসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল জব্দ ও মামলা করা হয়ছিল।