ক্রীড়া প্রতিবেদক : অবশেষে সব নাটকীয়তার অবসান ঘটিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ল যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়াম বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয় তুলে নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় নিজেদের জায়গা নিশ্চিত করল স্বাগতিকরা। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বেলজিয়ামের মুখোমুখি হবে মরিসিও মচেত্তিনোর শিষ্যরা। ম্যাচটি ছিল চরম উত্তেজনায় ঠাসা। প্রথমার্ধের ৪৪ মিনিটে ফ্লোরিয়ান বালোগানের গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। মালিক টিলম্যান তাকে বল পাস দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু বল বসনিয়ার দুজন খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে শেষ পর্যন্ত বালোগানের পায়েই এসে পড়ে। গোলরক্ষক ভাসিলজকে একা পেয়ে যুক্তরাষ্ট্রের এই স্ট্রাইকার কোনো ভুল করেননি। বিরতির পর ম্যাচের ৬৫তম মিনিটে সেই বালোগানই সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। উড়ে আসা বল নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় প্রতিপক্ষের ডিফেন্ডার মুহারোমোভিচের পায়ে পেছন থেকে পাড়া দেন তিনি। এরপর রেফারি মনিটরে রিপ্লে দেখে এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সঙ্গে কথা বলে ঘোষণা দেন, বালোগানের ফাউলটি বিপজ্জনক ছিল। এরপর লাল কার্ড দেখানো হয় তাকে। কিন্তু ১০ জনের দলে পরিণত হওয়া যুক্তরাষ্ট্র দমে যাওয়ার পাত্র ছিল না। বরং রক্ষণভাগ আঁটসাঁট করে পাল্টা আক্রমণের ধারা বজায় রাখে স্বাগতিকরা। যার ফলও পেয়ে যায় স্বাগতিকরা। ৮২ মিনিটে মিনিটে ফ্রি কিক থেকে গোল করে বসনিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন মালিক টিলম্যান। ফলে একজন কম নিয়েও আর খুব একটা সমস্যায় পড়তে হয়নি যুক্তরাষ্ট্রকে। শেষ ষোলোয় এখন মার্কিনিদের অপেক্ষমাণ শক্তিশালী বেলজিয়াম। সিয়াটলে বাংলাদেশ সময় ৬ জুলাই সকাল ৬টায় ইউরোপের এই জায়ান্ট দলের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাচটি হবে টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় লড়াই। যুক্তরাষ্ট্রের কোচকে এখন বালোগানের লাল কার্ডজনিত অনুপস্থিতির বিকল্প ভাবতে হবে। দলের ভারসাম্য রক্ষা এবং আক্রমণ ও রক্ষণভাগের মধ্যে সমন্বয় করাই হবে পরবর্তী ম্যাচের বড় চ্যালেঞ্জ।