নিজস্ব প্রতিবেদক: পর্ণগ্রাফি ও চাঁদাদাবি মামলার দুই আসামিকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। আটককৃতরা হলো যশোর সদর উপজেলার বসুন্দিয়া গ্রামের শাহিন সিদ্দিকীর ছেলে অনিক মোল্লা এবং শরিফুল ইসলামের ছেলে রেশান মাহমুদ। আটক দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৪ সালের ২ মার্চ সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের আব্দুর রউফের ছেলে আবু সাঈদের বিয়ে হয়। দাম্পত্য জীবনের তাদের একটি ছেলে ও একটি মেয়ে আছে। মেয়ের জন্মের আবু সাঈদ তার স্ত্রীর কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে শারীরিক ও মানষিক নির্যাতন শুরু করে। পরবর্তীতে সাঈদকে বিদেশে যাওয়ার সময় তার স্ত্রী পিতার বাড়ি থেকে ২ লাখ টাকা দেয়। গত বছরের ১২ মার্চ সাঈদ বিদেশে চলে যায়। বিদেশে গিয়ে সাঈদ ফোনে কথা বলার সময় স্বামী-স্ত্রীর কিছু কথোপকথন ও ভিডিও ধরে রাখে। ওই ভিডিও সাঈদ তার ভাগ্নে রেশান মাহমুদের কাছে দেয়। রেশান আসামি অনিক মোল্লাকে দেয় ভিডিও। গত বছরের ১৪ জুলাই আসামি অনিক ওই ভিডিও তার ইমো নম্বরে দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে স্বামী ও তার দুই সহযোগীর বিরুদ্ধে আদালতে মামলা করেন ভুক্তভোগী নারী। আদালতের আদেশে কোতয়ালি থানায় অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযোগে ভিত্তিতে ওই দুইজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।