নিজস্ব প্রতিবেদক: ফেনসিডিলের মামলায় মণিরামাপুরের খানপুর গ্রামের আলমসাধু চালক সোহাগ হোসেন ওরফে মোতাহারকে ৭ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। রোববার স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক কাজী কামরুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত সোহাগ হোসেন মণিরামপুরের শেখপাড়া খানপুর গ্রামের শাখাওয়াতের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পেশকার শাহরিয়ার ইবনে আজাদ। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি কেশবপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সরসকাঠি বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় আলমসাধু থামিয়ে সোহাগকে আটক ও আলমসাধুর পাটাতনের থেকে সাড়ে তিনশ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই আসাদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কেশবপুর থানায় মামলা করেন। ১ এপ্রিল মামলার তদন্ত শেষে এসআই সুব্রত কুমার সরদার আলমসাধু চালক সোহাগকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি সোহাগের বিরুদ্ধে অভিযোগে প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৭ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত সোহাগ কারাগারে আটক আছে।