শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় বীর মুক্তিযোদ্ধা তালুকদার আলী আহসান খসরুকে (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় সালাম শেষ জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার গোলবুনিয়া গ্রামের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার ভূমি অর্থিতা হাওলাদার, ভারপ্রাপ্ত ওসি মিলন কুমার ঘোষ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান খাঁন, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আ. রশিদ জমাদ্দার, সাবেক কমাণ্ডার এম এ খালেক খাঁন, সাবেক ডেপুটি কমাণ্ডার হেমায়েত উদ্দিন বাদশা সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্বজন এবং শত শত এলাকাবাসী। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন।