নিজস্ব প্রতিবেদক : যশোরের ডিবি পুলিশ ৪২ বোতল এসকাফ কফ সিরাপসহ আতিয়ার মণ্ডল (৪২) নামে একজনকে আটক করেছে। আতিয়ার মন্ডল শার্শার কাশিপুর গ্রামের পশ্চিমপাড়ার সুলতান মন্ডলের ছেলে। ডিবি যশোর সূত্রে জানা গেছে, সোমবার (১৬ জুন) সকালে চৌগাছা থানার চানপাড়া বটতলা মোড় এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিঃ) রকি মণ্ডলের নেতৃত্বে একটি দল জানতে পারেন, মনমতপুর ভাটাপাড়া এলাকার বুলবুল আহম্মেদের বাড়ির সামনে চৌগাছা-ঝিকরগাছা সড়কের পাশে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় আতিয়ার মণ্ডলকে আটক ও তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৪২ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়। আটক আতিয়ার মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পলাতক আসামি বিপুলের পরিচয় প্রকাশ করেন। ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় মামলা হয়েছে। বিকেলে থানা পুলিশ আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।