চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছা উপজেলার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তারা হলেন উপজেলা প্রকৌশলী ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
জানাযায়, গত ১১ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাকাওয়াত হোসেন সরকারের স্বাক্ষরিত এক আদেশে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে বরগুনার বেতাগী উপজেলায় বদলি করা হয়। একই সময়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক আদেশে উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুণ্ডুকে নড়াইলের কালিয়া উপজেলায় বদলি করা হয়েছে।
উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে চৌগাছায় যোগদানের পর থেকেই নানা অনিয়মের অভিযোগ রয়েছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ নিয়ে তিনি সমালোচিত ছিলেন।
অন্যদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রায় এক দশক ধরে চৌগাছায় কর্মরত রয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অনিয়মের অভিযোগ উঠে।
বদলির আদেশ পাওয়ার পর দুই কর্মকর্তা চৌগাছায় স্বপদে বহাল থাকার জন্য বিভিন্ন রাজনৈতিক নেতা ও সংশ্লিষ্ট দপ্তরে তদবির শুরু করেছেন বলে একটি জানিয়েছে।
তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন দুই কর্মকর্তা। বদলির বিষয়টি নিশ্চিত করে তারা বলেন, ‘বদলি চাকরির স্বাভাবিক প্রক্রিয়া। বদলির আদেশ হলে সেখানে যোগদান করতে হবে।’
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেন-‘কর্মকর্তাদের বদলির বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের সিদ্ধান্ত। কোনো কর্মকর্তার বদলির আদেশ হলে তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। পুরাতন কর্মস্থলে থাকার কোনো সুযোগ নেই।’