লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় মাদকের ভয়াবহ আগ্রাসন ও কেনাবেচা বন্ধের দাবিতে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় পৌরসভার সামনে ও লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
লোহাগড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট নেওয়াজ আহম্মদ ঠাকুর নজরুল, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল, জিএম মাহবুবুর রহমান লিটন, তারিক আলম, কেএম জীবন জিয়া এবং কেএম হাবিবুল্লাহ বেলালীসহ আরও অনেকে। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘লোহাগড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মাদকের আগ্রাসন বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। অথচ লোহাগড়া থানার ঠিক পাশেই এই ৬ নম্বর ওয়ার্ডটির অবস্থান। পুলিশ প্রশাসনের একদম নাকেরডগায় মাদক কারবারিরা দেদারসে মাদক বিক্রি করে যাচ্ছে।’
তারা আরও বলেন, প্রশাসনের এমন নিষ্ক্রিয়তার কারণে এলাকায় দিন দিন মাদকসেবী ও অপরাধীদের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বক্তারা দ্রুত এই মাদক কেনাবেচা সিন্ডিকেট বন্ধে এবং এলাকার যুবসমাজকে রক্ষায় পুলিশ প্রশাসনের কঠোর ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।
মানববন্ধন কর্মসূচি শেষে একটি মাদকবিরোধী বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি লোহাগড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।