নিজস্ব প্রতিবেদক, নড়াইল: নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া এলাকায় সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। দিঘলিয়া গ্রামের সাইফ উদ্দিন গত তিনদিন ধরে মূল্যবান গাছগুলো কেটে বিক্রি করে দেয়ার অপচেষ্টা করছিল। তবে, গ্রামবাসীর প্রতিবাদে তা ব্যর্থ হয়েছে। খবর পেয়ে গাছগুলো জব্দ করেছে প্রশাসন। দিঘলিয়া গ্রামের শামীম মোল্যাসহ অনেকে জানান, ১৬ শতক সরকারি জমি থেকে সাইফ উদ্দিন গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিনদিন ধরে ৩৫টি মেহগনি গাছ কেটে বিক্রির চেষ্টা চালায়। গাছগুলোর মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। বিষয়টি প্রশাসনকে জানানোর পর গাছগুলো জব্দ করেছে। তবে, কিছু গাছ অভিযুক্ত সাইফ উদ্দিন সরিয়ে ফেলেছে বলে অভিযোগ গ্রামবাসীর। ঘটনার পর সাইফ উদ্দিন গা ঢাকা দিয়েছেন। এ ব্যাপারে নড়াইল সদরের সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান বলেন, সরকারি জায়গা থেকে গাছকাটার খবর পেয়ে ইউনিয়ন নায়েবকে আমি ঘটনাস্থলে পাঠায়। গাছগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। #