Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

হরিণাকুণ্ডুতে সাংবাদিককে হাতুড়ি ও রড দিয়ে মারধর

এখন সময়: মঙ্গলবার, ৩০ জুন , ২০২৬, ১১:৪১:২৮ এম

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় স্থানীয় দ্বন্দ্বের জেরে এক সাংবাদিককে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে উপজেলার জোড়াদহ ইউনিয়নের বেলতলা গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহত ব্যক্তির নাম সবুজ শাহরিয়ার (৩০)। তিনি বেলতলা গ্রামের শফি উদ্দিনের ছেলে ও দৈনিক কালবেলার হরিণাকুণ্ডু উপজেলা প্রতিনিধি।
শাহরিয়ার সবুজের বড় ভাই সেলিম রেজা জানান, বুধবার রাতে বাড়ি ফেরার সময় স্থানীয় বাসিন্দা সুজন, রকি ও সোহেলসহ ১০-১২ জন লোক হাতুড়ি ও রড নিয়ে অতর্কিত সবুজের ওপর হামলা চালান। পরে স্থানীয় কয়েকজনের মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার করা হয়। এরপর প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তার মাথা ও পায়ে গুরুতর জখম আছে। মাথার হাড় ভেঙে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি অভিযোগ করেছেন, এই ঘটনায় মামলা দায়ের না করতে বিভিন্ন মাধ্যম দিয়ে পরিবারটির ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে।
এদিকে আহত সবুজ শাহরিয়ার সংজ্ঞা থাকা অবস্থায় বুধবার রাতেই এক ভিডিও বার্তায় হামলাকারীদের নাম বলেছেন। তাকে নৃসংশভাবে হামলার বর্ণনা দিয়েছেন নিজেই।
দৈনিক কালবেলার ঝিনাইদহ ব্যুরো প্রধান মাহমুদ হাসান টিপু বলেন, স্থানীয় দ্বন্দ্বের জেরেই সবুজ শাহরিয়ারের ওপর হামলা করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি।
এ ঘটনার নিন্দা জানিয়েছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন। তারা দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জোড়াদাহ ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়া বলেন, সবুজ শাহরিয়ার আমার ভাতিজা হয়। আমি এই বিষয়টি জানতাম না। কারা হামলা করেছে সেটিও জানি না। তবে এটি নিন্দনীয়।
এ ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার রায় বলেন, হামলার সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তিনি চিকিৎসাধীন আছেন। তার পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)