বিল্লাল হোসেন : যশোরের ঝিকরগাছায় আবু হুরাইরা মিম (৩০) নামে এক ইজিবাইক চালক খুন হয়েছেন। বুধবার (২০ মে) গভীররাতে ঝিকরগাছা পৌরসভার সীমানা পিলারের কাছে এ ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার (২১ মে) সকালে পুলিশ তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। নিহত আবু হুরাইরা মিম কীর্তিপুর গ্রামের মশিয়ার রহমান ছেলে। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মামাতো ভাই মারুফ জানান, আবু হুরাইরা মিমকে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু বেশ কয়েকদিন ধরে তিনি ইজিবাইক না চালিয়ে অলস সময় পার করছিলেন। এলাকায় তার কোন শত্রু ছিলো না। কারা কি কারণে খুন করেছে তাৎক্ষণিকভাবে ধারণা করতে পারছিনা। দাম্পত্য জীবন মিম ২ মেয়ে সন্তানের জনক। নিহতের পরিবারের স্বজনরা বলেন, বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি মিম। রাত অনেক খোঁজ করেও সন্ধান মেলেনি। তার ব্যবহৃত মুঠোফোনের নম্বরটি বন্ধ ছিল। বৃহস্পতিবার সকালে লোকমুখে জানতে পারি যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা পৌরসভার সীমানা পিলারের নিচের নয়ন ঝিলে মিমের মৃতদেহ পড়ে রয়েছে। খুনের সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, নিহত আবু হুরাইরা মিমের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তাকে খুন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।