ক্রীড়া প্রতিবেদক : যশোরে বৃহস্পতিবার শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা। প্রথম দিনে ৮টি খেলা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপশহর ই ব্লক সোনালী ব্যাংকের মাঠে অনুষ্ঠিত হচ্ছে জেলা পর্যায়ের খেলা। বালক বিভাগের খেলায় জয় পেয়েছে বাঘারপাড়ার সিলুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারা ৩-১ গোলের ব্যবধানের পরাজিত করে অভয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। দ্বিতীয় খেলায় মণিরামপুরের প্রভাতী বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলের ব্যবধানে হারায় চৌগাছার ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। তৃতীয় খেলায় ঝিকরগাছার বেনেয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করে কেশবপুরের বুড়ুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। দিনের শেষ খেলায় সদরের বিজয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে হারায় শার্শার উলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। বালিকা বিভাগের খেলায় বাঘারপাড়ার আজমেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে অভয়নগরের বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। দ্বিতীয় খেলায় মণিরামপুরের ভোজগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে চৌগাছার পুড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। তৃতীয় খেলায় জয় পায় ঝিকরগাছার বেনেয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারা ১২-০ গোলের বিশাল ব্যবধানে হারায় কেশবপুরের মধ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। দিনের শেষ খেলায় জয়ী হয় শার্শার লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারা ১-০ গোলের ব্যবধানে সদরের বীরনারায়ণপুর তের আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। সকালে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা শুরুর আগে বেলুন ও ফেসটুন উড়িয়ে টুর্নামেন্টের জেলা পর্যায়ের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(খ সার্কেল) মুন্না বিশ^াস। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিএম আলমগীর কবিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। এসময় উপস্থিত ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, অভয়নগরের প্রাথমিক শিক্ষা অফিসার অলিউর রহমান, বাঘারপাড়ার প্রাথমিক শিক্ষা অফিসার মুশফিকুর রহমান, কেশবপুরের প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, শার্শার প্রাথমিক শিক্ষা অফিসার রেহানা বানু, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইকরামুল কবীর,সাধারণ সম্পাদক একেএম নাজমুল ইসলাম,মিডিয়া সম্পাদক শাহজাদ হোসেন বাবু, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এসএম জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক শাহাজান কবির প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক হাফিজুর রহমান ও আব্দুল মাজেদ।