নিজস্ব প্রতিবেদক : সাড়ে ৪ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইমরান হোসেন নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুর পুলেরহাট-রাজগঞ্জ সড়কের গোয়ালদাহ মাঠপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও মোবাইলফোন জব্দ করা হয়েছে।
আটক ইমরান হোসেন সাতক্ষীরা কলারোয়ার কেঁড়াগাছী গ্রামের হবিবর রহমানের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সদরের গোয়ালদাহ মাঠে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করে। এ সময় যশোরগামী একটি মোটরসাইকেল থামিয়ে চালক ইমরানকে আটক ও তল্লাশি করে মোটরসাইকেলের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ৪ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।