ফরহাদ খান ও মাহফুজুল ইসলাম মুন্নু, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা এলাকায় মধুমতি নদীতে নানির সঙ্গে গোসলে নেমে সীমা খানম (১৪) নামে বাকপ্রতিবন্ধী নাতনি নিখোঁজ হয়েছে।
নিখোঁজের ২৮ ঘণ্টায়ও সন্ধান মেলেনি সীমার। তার সন্ধানে মধুমতি নদীতে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করছে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিদল। সীমার সন্ধান না পাওয়ায় উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে লোহাগড়া ফায়ার সার্ভিস।
সীমা খানম পাশের ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। সে ঘাঘা গ্রামে তার নানির সঙ্গে থাকত।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, রোববার (১০ মে) বেলা ৩টার দিকে নানির সঙ্গে মধুমতি নদীতে গোসলে গিয়ে নিখোঁজ হয় সীমা। গোসলের সময় নানি সীমার হাত ধরে রাখলেও একপর্যায়ে ফসকে গিয়ে নিখোঁজ হয়। সীমা সাঁতার জানতো না।
এরপর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও সীমার সন্ধান পাননি।
লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগউজ্জামান জানান, খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত মধুমতি নদীতে সীমার সন্ধানে উদ্ধার অভিযান চালায়। তবে তার সন্ধান মেলেনি।