ফরহাদ খান, নড়াইল: নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রাম থেকে মাদক কারবারি রুচিয়া বেগমকে (৫৪) গ্রেফতার করা হয়েছে। এ সময় তার ঘরের খাটের নিচ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বর্তমান বাজারমূল্য ১৫ লাখ টাকা। সোমবার (৪ মে) সন্ধ্যা ৬টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে রুচিয়া বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। পাখিমারা গ্রামের তরিকুল সরদারের স্ত্রী রুচিয়া তিন বছর ধরে মাদক বেচাকেনা করছেন। তার নামে নড়াগাতী থানায় চারটি মাদক মামলা রয়েছে। ৩৮ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে রুচিয়া বেগমের নামে পাঁচটি মামলা হলো। উপ-পরিচালক গোলক মজুমদার আরও জানান, রুচিয়া বেগমের সহযোগী পাখিমারা গ্রামের বিপুল সরদার (৩৯) পলাতক আছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।