নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের এমকে রোডস্থ মোবাইল প্লাজা থেকে মোবাইল নিয়ে পালিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারক শরীফ হাসানুল বান্নাকে আটক করেছে পুলিশ। শরীফ সাতক্ষীরা সদরের হরিশপুর নারায়নজোলা গ্রামের রেজাউল করিমের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, গত ১১ এপ্রিল যশোরের মোবাইল প্লাজা-২ থেকে তিনি দুটি মোবাইল ফোন ক্রয় করেন পুলিশের এসআই পরিচয়ে। এরপর বিকাশে পেমেন্ট করার কথা বলে তিনি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে কাস্টমারের ভিড়ের সুযোগ নিয়ে তিনি কৌশলে সেখান থেকে পালিয়ে যান। ক্যাশ মেমোতে তিনি নিজের পরিচয় দেন পুলিশের এসআই হিসেবে। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত হয় বান্নাকে। এ ঘটনায় প্রতিষ্ঠান মালিক জাকির হোসেন পলাশ কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান তথ্যপ্রযুক্তির সহায়তায় বান্নাকে শনাক্ত করে শুক্রবার এমকে রোড থেকে তাকে আটক করেন। বান্না দীর্ঘদিন ধরে যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে পুলিশ পরিচয়ে নানা ধরনের প্রতারণা করে আসছেন। শনিবার আটক শরীফ বান্নাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।