নিজস্ব প্রতিবেদক : ফেনসিডিলের মামলায় ট্রাক চালকসহ তিন মাদক ব্যবসায়ীকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত। বৃহস্পতিবার বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতে বিচারক এসএম নূরুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন।
সাজাপ্রাপ্তরা হলো-ঝিকরগাছার নাভারন গ্রামের জাওলাপাড়ার মৃত সিরাজ মিয়ার ছেলে কামরুজ্জামান, জামাল উদ্দিনের ছেলে ইমামুল হোসেন ও মণিরামপুরের রোহিতা গ্রামের শেখ পাড়ার আব্দুল মান্নানের ছেলে ট্রাক চালক সোহাগ পারভেজ পাপ্পু।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২১ সালের ৮ নভেম্বর রাতে ঝিকরগাছা থানা পুলিশ ঝিকরগাছা বাজারের যশোর-বেনাপোল সড়কে অবস্থান নেয়। রাত পোনে ১০টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ট-২২-৩৭৮১ ট্রাক থামানো হয়। এ সময় ট্রাকে থাকা দুইজন কৌশলে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে আটক করা হয়। তখন ট্রাক তল্লাশি করে চালকের ছিটের নিচ থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ঝিকরগাছা থানার এএসআই ইকরামুল হক বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই সৈয়দ মো. আবু সুফিয়ান। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি সোহাগ পারভেজ পাপ্পুর বিরুদ্ধে ৩৬(১) ধারার সরণীর ১৪(গ) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড ও ৩৮ ধারার অভিযোগে আরও ২ বছর কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত তিনজনই জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।