কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : সামান্য বৃষ্টিতেই সড়কে ও বাড়ির সামনে জমেছে হাঁটু পানি । এলাকাবাসী ও পথচারীদের পানি মাড়িয়ে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এটি ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কলেজ পাড়ার একাংশ। যেখানে আটকে পড়া পানিতে প্রায় শতাধিক পরিবার জিম্মি হয়ে পড়েছে।
ওই এলাকার স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন রাজু জানায়, সামান্য বৃষ্টি হলেই তাদের চলাচলের একমাত্র সড়কটি ডুবে যায়। এখন তার বাড়ির সামনেও হাঁটু পানি। গত বুধবারের সামান্য বৃষ্টিতে পানি জমে এমন বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। তিনি জানান, পৌরসভার পানি নিষ্কাশনের ড্রেনটি অকেজো হয়ে পড়ে আছে। বৃষ্টির পানি বের হতে না পারাতে এমন অবস্থায় সৃষ্টি হয়েছে। এতে বৃষ্টির পানির সাথে ড্রেনের ময়লা আবর্জনা ভেসে এলাকা সয়লাব হয়েছে।
একই সমস্যায় ভুক্তভোগী উত্তম সাহা, নৃত্য দাস ও খোকন মোল্লা জানায়, মহল্লাতে প্রায় শতাধিক পরিবারের বসবাস। প্রতিবছর বৃষ্টির সময়ে এলাকাবাসীকে এমন ভোগান্তিতে পোড়াতে হয়। তারা এ সমস্যাটি নিরাসনে একাধিকবার পৌরসভাতে অভিযোগ জানিয়েছেন। কিন্তু অদ্যবাধি সমাধান হয়নি।
এ বিষয়ে কালীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন- ড্রেন অকেজো থাকার কথা নয়। তারপরও অফিস স্টাফ পাঠিয়ে খবর নিয়ে দ্রুতই সমাধান করা হবে বলে যোগ করেন তিনি।