আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা যৌথ মাদক বিরোধী অভিযানে আলমডাঙ্গার বিটিম মাঠ সংলগ্ন রেল লাইন এলাকা থেকে অভিযান চালিয়ে ছয় জন মাদক সেবনকারীকে গ্রেফতার করেছে। বুধবার দুপুর একটার দিকে আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল শামীম ও চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহজালাল খান এর নেতৃত্বে এক ঝটিকা অভিযান চালিয়ে আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে বিশারদ আলী (৩৮), একই উপজেলার নওদা বন্ডবিল গ্রামের মৃত মাওলা বক্স এর ছেলে কলম আলী (৫০), আলমডাঙ্গা পৌর এলাকার রাধিকা গঞ্জ পাড়ার মৃত কাসেম আলীর ছেলে নুর আলম (৩২), গোপীনাথপুর গ্রামের মাহাতাব আলীর ছেলে ফিরোজ (৩০), বলরামপুর গ্রামের শামসুল হকের ছেলে সোহাগ হোসেন (৩৩), মোহাম্মদপুর গ্রামের হাসিবুল ইসলামের ছেলে সোহাগ ইসলাম (২৮) কে ব্যবহৃত মাদকসহ গ্রেফতার করা হয়। এদের মধ্যে দুইজনকে একমাস এবং চারজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হয়। এ ব্যাপারে এলাকাবাসী জানিয়েছেন রেললাইন এলাকা যেন মাদকের আখড়া খানায় পরিণত হয়েছে। এভাবে অভিযান পরিচালনা অব্যাহত থাকলে মাদকের কারবার অনেকটাই কমে যাবে।