অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে মাটিবোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে গিয়ে চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামে আজিজুরের বাড়ির সামনে নওয়াপাড়া-চলিশিয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রলিচালক রিপন মোল্লা (৩২) ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মালিঘাট ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত নজরুল মোল্লার ছেলে। তিনি অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের সমেশপুর গ্রামে মুজিবুর রহমানের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
নিহতের সহকর্মী সজল হোসেন জানান, দুপুর ১২টার দিকে মাটিবোঝাই ট্রলি নিয়ে নওয়াপাড়ার দিকে যাচ্ছিলেন চালক রিপন মোল্লা। বাগদাহ গ্রামের আজিজুরের বাড়ির সামনে পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইউনুস খান জানান, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। বুক ও মাথায় গুরুতর আঘাতের কারণেই সম্ভবত তার মৃত্যু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত অভয়নগর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) বিনয় কৃষ্ণ পাল জানান, নিজ ট্রলির নিচে চাপা পড়েই চালকের মৃত্যু হয়েছে। নিহতের সুরতহাল সম্পন্ন হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।