অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে সরকারি সিদ্ধান্ত অমান্য করে সন্ধ্যা ৭টার পর দোকান খোলা রাখার দায়ে ৮টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নওয়াপাড়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় সরকারি সিদ্ধান্ত অমান্য করে ব্যবসপ্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে রাজিব ইলেকট্রনিক্স, খাঁন ইলেকট্রনিক্স, মনির অ্যান্ড ব্রাদার্স, বিথি স্টোর ও বাসুদেব এন্টারপ্রাইজ নামের ৫টি প্রতিষ্ঠানকে ৫০০টাকা করে দুই হাজার ৫০০টাকা জরিমানা করা হয়। এছাড়া অতিরিক্ত আলোকসজ্জার কারণে বিসমিল্লাহ হোটেলকে এক হাজার টাকা, মেসার্স ভাই ভাই ট্রেডিংকে এক হাজার টাকা ও বাবুল ক্লথ স্টোরকে এক হাজার ৫০০টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, সরকারি সিদ্ধান্ত অমান্য করায় দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৮টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।