নিজস্ব প্রতিবেদক : যশোর কেন্দ্রীয় কারাগারে বাবুল ওরফে আক্তারুজ্জামান (৫৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তাকে কারাগার থেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আক্তারুজ্জামান নড়াইল সদর উপজেলার ভোয়াখালি গ্রামের লাল মিয়ার ছেলে।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় আক্তারুজ্জামানের বুকে ব্যথা শুরু হয়। কারারক্ষীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনেন। ৬ টা ১০ মিনিটে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে মৃতদেহ মর্গে পাঠিয়ে দেন। আক্তারুজ্জামানের কয়েদি নম্বর ৯২৪৫/এ।
হাসপাতালের জরুরি বিভাগের জুবাইদা আক্তার জানান, বাবুল ওরফে আক্তারুজ্জামানকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
যশোর কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেলার আবিদ আহমেদ জানান, বাবুল ওরফে আক্তারুজ্জামান দুটি অস্ত্র মামলায় ৩০ বছর করে মোট ৬০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। ২০২৫ সালের ২৫ নভেম্বর থেকে তিনি যশোর কারাগারে ছিলেন।