Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিকরগাছার ফুলচাষি নেতা রহিমের ওপর হামলার বিচারের দাবিতে স্মারকলিপি

এখন সময়: শনিবার, ১৮ এপ্রিল , ২০২৬, ০২:৪৯:১০ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি ও ফুল ব্যবসায়ী নেতা আব্দুর রহিমের ওপর সন্ত্রাসী হামলার বিচার ও ফুলচাষিদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।
গণতান্ত্রিক যুক্তফ্রন্ট যশোরের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১৩ এপ্রিল বিকেলে ঝিকরগাছা উপজেলার পানিসারা এলাকায় নিজ জমিতে কাজ করার সময় আব্দুর রহিম পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলার শিকার হন। তিনি দীর্ঘদিন ধরে দেশের ফুলশিল্পের উন্নয়ন ও বিস্তারে কাজ করে আসছেন। অভিযোগে বলা হয়, তার এই কর্মকা-ের কারণে একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে আসছিল।
অভিযোগ অনুযায়ী, ২০-৩০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে তাকে মারাত্মক জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরদিন ১৪ এপ্রিল ২০২৬ সকালে একই চক্র পুনরায় পানিসারা গ্রামে প্রবেশ করে আসাদুল, হৃদয় ও শাহাজান কবিরসহ কয়েকজন ফুলচাষির ওপর লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় বলে স্মারকলিপিতে দাবি করা হয়। এতে আহতদের মধ্যে আসাদুল ও হৃদয় গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্মারকলিপিতে বলা হয়, এসব ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। ফুলচাষিরা ভয়ভীতির কারণে পানিসারা মোড় ও গদখালী বাজারে তাদের উৎপাদিত ফুল বিক্রি করতে পারছেন না। এতে তারা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
এতে আরও বলা হয়, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে ফুলের বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে, যার ফলে স্থানীয় চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
স্মারকলিপিতে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত, আহতদের উন্নত চিকিৎসা ও নিরাপত্তা প্রদান, ফুলচাষিদের নিরাপদে বাজারজাত করার পরিবেশ নিশ্চিত, বাজারে সিন্ডিকেট দমন এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। স্মারকলিপি পেশকালে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) যশোর জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করেন এবং এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)