Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কোটচাঁদপুরে ইটভাটার পুকুর থেকে মিললো নিখোঁজ কিশোরীর লাশ

এখন সময়: বুধবার, ২২ এপ্রিল , ২০২৬, ০৪:৪৫:৫৮ পিএম

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকার একটি পরিত্যক্ত ইটভাটার পুকুর থেকে নাছিমা খাতুন (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ইকো ব্রিকস নামের ইটভাটার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নাছিমা আম বাজার সংলগ্ন বাহাজ্জেল হোসেন মহিলা মাদ্রাসার সাবেক শিক্ষার্থী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের পাশে ইটভাটার পুকুরের পানিতে বোরকা পরা একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মৃত নাছিমা সলেমানপুর গ্রামের মৃত নাজমুল মীরের মেয়ে।
নাছিমার মা নাজমা বেগম জানান, গত বুধবার সকালে বৈশাখী মেলার মাঠে ঘুরতে যাওয়ার কথা বলে নাছিমা। তখন তাকে যেতে নিষেধ করা হলেও সে কথা না শুনে বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় মা মনে করেছিলেন মেয়ে হয়তো রাগ করে সাফদারপুর নানাবাড়ি চলে গেছে। কিন্তু রাতে সেখানে ফোন করে জানতে পারেন সে সেখানেও যায়নি। আজ সকালে ইটভাটায় লাশ ভাসার খবর শুনে তিনি এসে নিজের মেয়ের মরদেহ শনাক্ত করেন।
কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সায়েম ইউসুফ ও অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ইটভাটার পুকুরের পানিতে মরদেহ ভাসার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)