জসিম উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের কোমলপুর বাজার কমিটি নির্বাচন ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে শরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শিমুল হোসেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা ছিল হাড্ডাহাড্ডি। এতে শরিফুল ইসলাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সালামকে ৩৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন। শরিফুল ইসলাম মোট ৬৭টি ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী আব্দুস সালাম পেয়েছেন ৩২টি ভোট।
অন্যদিকে, সাধারণ সম্পাদক পদেও ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। এতে শিমুল হোসেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক হোসেনকে ১৯ ভোটের ব্যবধানে পরাজিত করেন। শিমুল হোসেন পান ৫৯টি ভোট এবং ওমর ফারুক পান ৪০টি ভোট।
বুধবার সকাল ৯টায় আনুষ্ঠানিক ভাবে ভোট গ্রহণ শুরু হয় এবং দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। বাজারের একটি দোকান অস্থায়ী ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করে নির্বাচন সম্পন্ন করা হয়। বাজারে মোট ভোটার সংখ্যা ছিল ১০৫ জন, যার মধ্যে ১০১ জন ভোটার স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন-যা উপস্থিতির দিক থেকে অত্যন্ত সন্তোষজনক।
পুরো নির্বাচনের স্থান ছিল উৎসবমুখর পরিবেশে। প্রিজাইডিংয়ের দায়িত্ব পালন করেন কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আব্দুল গফুর, জমসেদ সরদার, বাজারের প্রতিষ্ঠাতা হবি গাজী, নুর ইসলাম গাজী।
নির্বাচন শেষে বিজয়ীদের সমর্থকরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। নতুন নেতৃত্বের মাধ্যমে কোমলপুর বাজারের উন্নয়ন ও অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে স্থানীয়দের প্রত্যাশা।