Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒বর্ষবরণ প্রস্তুতি

অনুষ্ঠান উপভোগ্য ও নান্দনিক করতে মহড়া চলছে সুরবিতান যশোরে

এখন সময়: শনিবার, ২ মে , ২০২৬, ০৩:১৯:৫২ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর তথা বাংলাদেশের প্রাচীন এবং অন্যতম শীর্ষ সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুরবিতান সংগীত একাডেমী এখন প্রাণচাঞ্চল্যে ভরপুর। বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ আয়োজনকে কেন্দ্র করে শহরের রেল রোডস্থ এই প্রতিষ্ঠানটি মুখরিত। নানা বয়সী শিক্ষার্থী শিল্পী, কলাকৌশলী আর কর্মকর্তাদের সাথে অভিভাবকদের মহামিলন করে তুলেছে উৎসবমুখর। হাসি আনন্দে, নাচে গানে বাংলা নববর্ষকে বরণ করে নিতেই যত আয়োজন । বর্ষবরণের প্রথম দিন পহেলা বৈশাখের সকাল সাড়ে ছয়টায় শহরের প্রাণকেন্দ্র টাউন হল ময়দানে শতাব্দি বটবৃক্ষ পাদদেশের রওশন আলী মঞ্চে সমবেত কন্ঠে গেয়ে উঠবে ‘এসো হে বৈশাখ এসো এসো ‘। বর্ষবরণকে বর্ণাঢ্য উপভোগ্য এবং নান্দনিক করতেই একমাস ধরেই চলছে অনুশীলন। তবে তা এখন চূড়ান্ত রূপ নিয়েছে। প্রস্তুতির শুরুতেই ঢিলেঢালা, তারপর প্রতিদিন বিকাল থেকে রাত নয়টা এবং শুক্রবার ছিল সকালে ও বিকালে নাচ গান ও বৃন্দ আবৃত্তির মহড়া। একাডেমির ক্লাসরুম আর নিজস্ব মিলনায়তনের রানা স্মৃতি মঞ্চ সুরে আর মূর্ছনায় একাকার। প্রাচীন এই সংগঠনটির বর্ষবরণের কর্মসূচির মধ্যে রয়েছে প্রভাতী ও বৈকালী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সকাল ৯ টার পর একাডেমিতে থাকবে মিষ্টিমুখের আয়োজন। অনুষ্ঠানের ডালিতে থাকছে সর্বকালের ভালো লাগার এবং হৃদয় ছুঁয়ে যাওয়া সব সঙ্গীত। এরমধ্যে রয়েছে পঞ্চ গীতি কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অতুল প্রসাদ সেন, দ্বিজেন্দ্র লাল রায় ও রজনীকান্ত সেন এর গান। আরো থাকছে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের গান, আধ্যাত্মিক সুর সাধক লালন সাঁই, কিংবদন্তি সংগীত ওস্তাদ শাহ্ আব্দুল করিম, কবিয়াল বিজয় সরকার, মরমী সাধক পাগলা কানাই, সাধক কবি রাধারমন দত্তের গান, আধুনিক, লোক ও ফোক সবই থাকবে । নৃত্য, আবৃত্তি এবং গিটার ক্লাসের শিক্ষার্থীরাও তুলবে সুরের লহরী। মহড়ার পাশাপাশি কর্মকর্তারা ব্যস্ত রয়েছেন আমন্ত্রণপত্র বিলিতে। এবারের নিমন্ত্রণ পত্র হিসেবে থাকছে বাংলা ডেক্স ক্যালেন্ডার । এছাড়াও বরাবরের মতো উৎসবের জন্য করা হয়েছে আলাদা পোশাক। শাড়ি, পাঞ্জাবি ও ফ্রগ। সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস জানান- রমজানের শুরু থেকেই প্রস্তুতি শুরু হয়েছে। তবে ঈদুল ফিতরের পর খুব জোরালোভাবেই ঝালিয়ে নেয়া হচ্ছে। তিনি বলেন- তিন থেকে সাড়ে তিনশ শিল্পী পরিবেশন করবে সংগীত নৃত্য ও আবৃত্তি। বাসুদেব বিশ্বাস বলেন- অনুষ্ঠানের মহড়া চলছে, এছাড়াও আমন্ত্রণপত্র বিলি এবং সার্বিকভাবে অনুষ্ঠান সাজাতে সর্বস্তরের কর্মকর্তাদের সাথে অভিভাবকরাও কাজ করছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)