নিজস্ব প্রতিবেদক : যশোরের বাঘারপাড়া উপজেলায় অসাধু উপায়ে জ্বালানি তেল বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের নেতৃত্বে রোববার বিকেলে উপজেলার বন্দবিলা ইউনিয়নে অবস্থিত মোবারক আলী ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে ফিলিং স্টেশনটিতে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। বিশেষ করে ব্যারেলের মাধ্যমে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেট্রোল ও অকটেন বিক্রি করা হচ্ছিল, যা ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল।
অভিযানে দোষ স্বীকার করায় ফিলিং স্টেশনের মালিককে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়।
বাঘারপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার জানান, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে এবং জ্বালানি খাতে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।