মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা এলাকায় বর্গা জমির ফসল তোলা নিয়ে বিরোধের জেরে মা ও ছেলেকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে জমির মালিকের বিরুদ্ধে। শনিবার (১৪ মার্চ) সকাল প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- দীঘা এলাকার কলিম উদ্দিনের স্ত্রী সারজিনা বেগম (৫০) এবং তার ছেলে শাহীন (৩২)। স্থানীয়রা তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিন মাস আগে দীঘা গ্রামের ওহিদুলের কাছ থেকে শাহীন বর্গা হিসেবে জমি নিয়ে মুসুরির চাষ করেন। চুক্তি অনুযায়ী জমির মালিক ফসলের তিন ভাগের এক ভাগ পাবেন বলে কথা ছিল। শনিবার সকালে শাহীন ও তার মা জমি থেকে মুসুরির ফসল তুলছিলেন। এ সময় জমির মালিক ওহিদুল সেখানে গিয়ে অর্ধেক ফসল দাবি করেন। এ নিয়ে শাহীন ও তার মায়ের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ওহিদুল পাশের বাড়ি থেকে লাঠি এনে শাহীন ও তার মাকে উপর্যুপরি মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে সারজিনা বেগম মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান এবং রক্তক্ষরণ হয়। তার ছেলে শাহীনও আহত হন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত ওহিদুল সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে স্থানীয়রা আহত মা-ছেলেকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ৯৯৯-এ কল করা হলে পুলিশ হাসপাতালে গিয়ে ঘটনার খোঁজখবর নেয়। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, “মাঠের ফসল নিয়ে একটি ছোটখাটো ঝামেলার ঘটনা ঘটেছে। আহত নারীর মাথায় আঘাত থাকলেও সেলাই দেয়ার মতো গুরুতর নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।