ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাংগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কে এম ইশতিয়াক আহমেদ (৩৪) কুষ্টিয়ার কুমারখালীর নাভদিয়া গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। স্থানীয়রা জাানান, শনিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে রূপসাগামী ওই মটরসাইকেল চালক ফকিরহাট উপজেলার কাকডাংগা এলাকায় এসে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের রেলিং এর সাথে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার অবস্থা আশঙ্কাজন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: তামান্না তাসনিম জানান, আহত ওই ব্যক্তি আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান হাওলাদার বলেন, দুর্ঘটনার বিষয়টি তিনি অবগত হয়েছেন। কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছেন।