মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত ইন্দ্রজিৎ সাহা (৪৫) কে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়-গত ৫ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টার দিকে মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম কাওয়ালীপাড়া গ্রামের ওই শিশুকে সেমাই খাওয়ার লোভ দেখিয়ে পার্শ্ববর্তী একটি কলাবাগানে নিয়ে যায় অভিযুক্ত ইন্দ্রজিৎ। সেখানে ধর্ষণের উদ্দেশ্যে শিশুর পোশাক খোলার সময় ভিকটিমের মামা ঘটনাস্থলে উপস্থিত হলে, অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে তাকে স্থানীয়দের সহায়তায় আটক করেন। অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত ইন্দ্রজিৎ সাহার আদি বাড়ি মাগুরা সদরের রামনগর এলাকায়। সেখানেও তার বিরুদ্ধে ইতিপূর্বে ধর্ষণের অভিযোগ রয়েছে। ওই এলাকার বাসিন্দারা তাকে বিতাড়িত করলে সে কাওয়ালীপাড়া গ্রামে নতুন বাড়ি তৈরি করে বসবাস শুরু করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল ও ভিকটিমের বাড়িতে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার মুহ. শাহনুর জামান ও মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান।