নিউজ ডেস্ক : ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেছে। এ সময়ে তেহরানের আকাশে অনেকটাই দাপট দেখিয়েছে যৌথ শক্তি। ইসলামিক প্রজাতন্ত্র তাদের সর্বোচ্চ নেতাকে হারিয়েছে। জবাব দিতে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে আঘাত হানছে। চলছে ক্ষেপণাস্ত্রের হিসাব-নিকাশ। সবমিলিয়ে এখন পর্যন্ত হওয়া ঘটনাগুলো পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে তা বোঝা যাচ্ছে না। তবে দুই পক্ষই হামলা জোরদার করেছে। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো হামলার আশংকায় রয়েছে। বিস্তারিত খবরে-
# তেহরানে আরো বিস্তৃত হামলার ঘোষণা ইসরায়েলের
ইসরায়েলের সামরিক বাহিনী ইরানি সরকারকে লক্ষ্য করে তেহরানে আরো বিস্তৃত পরিসরে বিমান হামলা শুরু করেছে।
আল জাজিরা লিখেছে, তেহরানের বিভিন্ন অংশে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
# হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন
লেবানন সরকার হিজবুল্লাহর সামরিক কর্মকাণ্ডকে ‘অবৈধ’ বর্ণনা করে সশস্ত্র এ গোষ্ঠীটিকে তাদের অস্ত্র হস্তান্তরের দাবি জানিয়েছে।
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, “আমরা হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করছি এবং তাদের কার্যক্রমকে কেবল রাজনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ করছি। আমাদের দাবি, সামরিক প্রতিষ্ঠানগুলো যেন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে।”
প্রধানমন্ত্রী সালাম ২০২৪ সালে ইসরায়েলের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রতি সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি পুনরায় আলোচনা শুরু করার ওপর জোর দেন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় লেবাননে ইরান সমর্থিত রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর লেবাননে হিজবুল্লাহর স্থাপনাগুলোতে আঘাত হানতে শুরু করেছে ইসরায়েল।
সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা লেবানন থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাধা দিয়ে ধ্বংস করেছে, তবে অন্যগুলো তাদের দেশের খোলা জায়গায় পড়ে বিস্ফোরিত হয়েছে।
রয়টার্স জানায়, এ দিন ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণাংশের শহরতলীগুলোতে বিমান হামলা চালিয়েছে। লেবাননের রাজধানীতে এক ডজনেরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় ভোররাত ২টা ৪০ মিনিটের দিক থেকে একের পর এক হামলা চালাতে শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছে।
# নেতানিয়াহুর কার্যালয়ে হামলার দাবি ইরানের
তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়, হাইফার বিভিন্ন নিরাপত্তা ও সামরিক কেন্দ্র এবং পূর্ব জেরুজালেমে হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী আইআরজিসি।
এই প্যারামিলিটারি বাহিনীটে আগে সরাসরি আয়াতুল্লাহ আলি খামেনির অধীনে ছিল। শনিবার যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার শুরুতেই ইরানের এ সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত হন।
“জায়নবাদী শাসকগোষ্ঠীর বদমাশ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ওই শাসকগোষ্ঠীর বিমান বাহিনী কমান্ডারদের সদরদপ্তর লক্ষ্য করে হামরা চালানো হয়েছে,” সোমবার ইরানি বার্তা সংস্থা ফারসে তাদের এই বিবৃতিটি প্রকাশ করে বলে জানিয়েছে এনডিটিভি।
ইসরায়েলে এদিনের হামলায় খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে তারা।
তাদের হামলার দাবির প্রসঙ্গে এখনও ইসরায়েলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, বলেছে রুশ সংবাদমাধ্যম প্রাভদা।
# লেবাননের ১৮ শহর খালি করার হুঁশিয়ারি ইসরায়েলের
লেবাননের ১৮টি শহর ও গ্রাম উচ্ছেদের হুমকি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়ে তারা বলছে, ওই এলাকাগুলো হিজবুল্লাহ ব্যবহার করছে।
ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরান ঘনিষ্ঠ হিজবুল্লাহ রাতভর ইসরায়েলে হামলা চালায়। এরপর লেবাননের দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে ইসরায়েল বোমাবর্ষণ করেছে।
লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, নতুন করে শুরু হওয়া এই সংঘাতে ইসরায়েলেল হামলায় লেবাননে এ পর্যন্ত ৩০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন।
# মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের ৫ সেনা নিহত
পশ্চিম-মধ্য ইরানের খোররামাবাদ শহরে মার্কিন হামলায় পাঁচজন ইরানি সৈন্য নিহত হয়েছেন।
ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য দিয়েছে।
# আমরা যুদ্ধ শুরু করিনি, তবে শেষ করছি: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ব্রিফিংয়ে বলেছেন, ডনাল্ড ট্রাম্পের সরাসরি আদেশে ইরানের ওপর চালানো বিমান অভিযানটি ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী, জটিল ও সবচেয়ে নিখুঁত।
তিনি বলেছেন, “আমরা যুদ্ধ শুরু করিনি, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে আমরা এটি শেষ করছি।”
# আহত খামেনি পত্নীও মারা গেছেন
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে রয়টার্স লিখেছে, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেও একটি হামলার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হামলায় আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি।
# কাতার এনার্জির এলএনজি উৎপাদন বন্ধ
রাস লাফান ও মেসাইদে ইরানি ড্রোন হামলার পর কাতার এনার্জির এলএনজি উৎপাদন বন্ধ রেখেছে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছিল, শিল্পনগরী রাস লাফানের জ্বালানি স্থাপনাগুলোতে দুটি ড্রোন আঘাত হেনেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এখন কাতার এনার্জি বলছে, তারা এলএনজি ও সংশ্লিষ্ট অন্যান্য পণ্যের উৎপাদন বন্ধ করে দিয়েছে।
# ইরানের হামলায় মার্কিন সেনা নিহত বেড়ে ৪
ইরানের আক্রমণে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে।
এর আগে রোববার সেন্টকম তিনজন সেনা নিহত ও পাঁচজন গুরুতর আহত হওয়ার কথা বলেছিল।
সোমবার মার্কিন সামরিক বাহিনী বলছে, হামলা গুরুতর আহত আরেক সেনা মারা গেছেন।
ইরানের বিরুদ্ধে পুরোদমে সামরিক অভিযান চালানোর কথাও বলছে তারা।
# বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় প্রবাসী বাংলাদেশি নিহত
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে এক বাংলাদেশির প্রাণ গেছে, আহত হয়েছেন দুজন।
বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার জানান, নিহত মোহাম্মদ তারেকের (৪৮) বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে।
আহতদের মধ্যে মো. আজিমের বাড়িও সন্দ্বীপে, আর মো. কামরুলের বাড়ি টাঙ্গাইল জেলায়।
তারা সবাই বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি শিপইয়ার্ডে শ্রমিক হিসেবে চাকরি করতেন। সোমবার সকালে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ জাহাজের ওপর এসে পড়লে তারা হতাহত হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই শিপইয়ার্ডে আগুন ধরে যায়। পরে তা নেভানো হয়।
# হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের প্রধান নিহত, দাবি ইসরায়েলের
ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা রোববার রাতে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের প্রধানের দায়িত্ব পালন করা হোসেন মাকলেদকে হত্যা করেছে।
লেবাননের রাজধানী বৈরুতে সুনির্দিষ্ট নিখুঁত হামলার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে দাবি করছে তারা।
তবে এ ব্যাপারে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
# ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাতের আলামত নেই: আইএইএ
জাতিসংঘের পারমাণবিক সংস্থায় নিয়োজিত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি তাদের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় মার্কিন ও ইসরায়েলি বাহিনীর আঘাত হানার কথা বললেও বাস্তবে ‘সেরকম কিছু ঘটেনি’ বলে জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।ৎ
সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি বলছেন, পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানা হয়েছে ‘েএমন কোনো আলামত নেই’।
তিনি বলেন, কোনো কিছু ঘটা অসম্ভব নয়। তবে গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনা কেন্দ্রগুলোতে যে ধরনের সামরিক হামলা চালানো হয়েছিল, সেই তুলনায় কোনো কিছু আইএইএ এখন পর্যন্ত দেখেনি।
‘ভুল করে’ যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত
ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলছে, কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে মার্কিন বিমান বাহিনীর তিনটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।
আলজাজিরা লিখেছে, রোববার রাতে যুক্তরাষ্ট্রের তিনটি ‘এফ-১৫ স্ট্রাইক ঈগল’ ফাইটার জেট ‘অপারেশন এপিক ফিউরি’র আওতায় আকাশে উড়ছিল। তখন কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ভূপাতিত করে।