নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছায় সন্ত্রাসী হাসলায় গুরুতর আহত আওয়ামী লীগ নেতা সাবেক পৌর কাউন্সিলর শাহিনুর রহমান (৪৮) মারা গেছেন। ২৩ ফেব্রুয়ারি রাত ৮ টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শাহিনুর রহমান চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কুঠিপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ও পৌর কাউন্সিলর ছিলেন।
নিহত শাহিনুর রহমানের স্বজনরা জানান, ১৬ ফেব্রুয়ারি বেলা ১১ টার দিকে কুঠিপাড়া এলাকায় একটি দোকানে বসেছিলেন শাহিনুর রহমান। এ সময় পৌরসভার হুদোপাড়া গ্রামের বিএনপি নেতা মোবারক মেম্বরের ছেলে সাইফুল ইসলামের নেতৃত্বে একই গ্রামের ফারুখসহ একদল সন্ত্রাসী তার উপরে হামলা করে প্রকাশ্যে কুপিয়ে জখম করে চলে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর জেনালে হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। শাহিনুর রহমানের নিকট আত্মীয় নাট্যকার আনিছুর রহমান জানান, সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়েছে।
এদিকে এ হামলার সময় চৌগাছা উপজেলা আইনশৃঙ্খলা মিটিং চলছিল। সেখানেও বিষয়টি আলোচনা হয়। আইনশৃঙ্খলা মিটিংয়ের একাধিক বক্তা বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য পুলিশ প্রশাসনকে অবহিত করেন। কিন্তু এ ঘটনার পরে হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের আটক করেনি বলে অভিযোগ করেন স্বজনরা।
চৌগাছা থানার ডিউটি অফিসার খোরশেদ আলম বলেন, এ মৃত্যু ঘটনায় আমাদের কাছে কোনো ম্যাসেজ আসেনি।